টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)।
এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়াকে শোকজের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য হাসপাতালের সব ধরনের ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও শৌচাগার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবা, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে ৩৩৫ জন চিকিৎসক, নার্স ও স্টাফের মধ্যে অর্ধশতাধিক কর্মীকে অনুপস্থিত পান প্রতিমন্ত্রী। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে উপ-পরিচালকের বিরুদ্ধে শোকজের নির্দেশ দেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “কারও যদি এখানে চাকরি করতে ইচ্ছে না হয়, তাহলে অন্য জায়গায় চলে যাবে। কোনো ধরনের অনিয়ম চলবে না।”
হাসপাতালে উপস্থিত রোগী ও স্বজনরা চিকিৎসাসেবা নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তারা দালালচক্রের দৌরাত্ম্য, ভোগান্তি ও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেন। এসব শুনে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
হাসপাতালের নোংরা ও অস্বাস্থ্যকর শৌচাগার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুসের কাছে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চান এবং দ্রুত হাসপাতালের ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নের নির্দেশ দেন।
এ ছাড়া হাসপাতালে বহিরাগত ও মাদকসেবীদের প্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে অনেক অনিয়মের অভিযোগ ছিল। আকস্মিক পরিদর্শনে এসে সেগুলোর সত্যতা পেয়েছি। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মানুষের জন্য উন্নত সেবা নিশ্চিত করা হবে।”
এ সময় হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুসসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















