টাঙ্গাইলে অবৈধভাবে টায়ার ও তার পুড়িয়ে তেল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১০ জুন) দুপুরের দিকে জেলা প্রশাসন, টাঙ্গাইল ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে উপজেলার শিবপুর এলাকায় ‘আনোয়ার এন্টারপ্রাইজ’ নামের ওই অবৈধ কারখানায় অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অপরাধে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ কারখানা ব্ন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমোদন ছাড়াই শিবপুর এলাকায় দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে টায়ার ও তার পুড়িয়ে ক্ষতিকারক তেল তৈরি করে আসছিল কারখানাটি। এতে কালো ধোঁয়ায় চারপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা জানান, অবৈধভাবে টায়ার ও তার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে এবং কারখানাটি ব্ন্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় জেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এই ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে অভিযানে প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক জনাব তাপস চন্দ্র পাল। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব এইচ এম জিয়াউর রহমান ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা পুলিশের একদল চৌকস সদস্য উপস্থিত থেকে আইন-শৃংখলা রক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন।
পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
















