মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ও চান্দাইকোনা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড নিয়ে পৃথক ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংসদ সদস্য। পোস্টে তিনি লেখেন, ‘জনগণের কাছে আমি দায়বদ্ধ। নির্বাচনের আগে কথা দিয়েছিলাম, আমি আমার সব অঙ্গীকার পূরণ করব। তারই ধারাবাহিকতায় ভূইয়াগাঁতী ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে প্রথম পদক্ষেপ গ্রহণ করেছি।’
ডিও লেটারে এমপি আয়নুল হক উল্লেখ করেন, রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি একটি স্বতন্ত্র ইউনিয়ন প্রতিষ্ঠা করা। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও প্রশাসনিক প্রয়োজনীয়তার দিক থেকে ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের যৌক্তিকতা রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে প্রস্তাবিত এলাকার বাসিন্দাদের জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে দূরের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
সংসদ সদস্য তাঁর আবেদনে আরও উল্লেখ করেন, পৃথক ইউনিয়ন গঠন করা হলে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গতি আসবে।
এ বিষয়ে প্রয়োজনীয় মাঠ জরিপ, প্রশাসনিক যাচাই-বাছাই এবং আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, ভূঞাগাঁতীকে পৃথক ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠার বিষয়টি বহুদিনের প্রত্যাশা। সংসদ সদস্যের এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার মানুষের প্রশাসনিক সেবা প্রাপ্তি সহজ হবে বলে তারা মনে করছেন।
















