রুবেল আহমেদ, ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরভাকুড়া গ্রামে একটি রাইস মিলে অগ্নিসংযোগ এবং পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (৭ জুন) ভোর রাত ৩টার দিকে স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের মালিকানাধীন রাইস মিলে আগুন লাগিয়ে দেয় একদল দুর্বৃত্ত বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মিলের বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, অগ্নিসংযোগের পাশাপাশি দুর্বৃত্তরা আবু বক্কর সিদ্দিকের পুকুরে বিষ প্রয়োগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান। তিনি বলেন, “এটি অত্যন্ত জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

















