বাগেরহাট সংবাদদাতা :
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা হাটে মরা গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে আটক দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার উপস্থিত থেকে জব্দকৃত মাংস পরীক্ষা করে তা মানবদেহের জন্য ক্ষতিকর ও পচনশীল বলে শনাক্ত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুন অর রশিদ এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার ইয়ামিন হাওলাদার। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাদের এ দণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি গরু মারা যাওয়ার পর অভিযুক্তরা কোনো ধরনের ভেটেরিনারি পরীক্ষা ছাড়াই সেটি জবাই করে বিক্রির উদ্দেশ্যে ফয়লা হাটে নিয়ে আসে। মাংস থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ক্রেতাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ভেটেরিনারি সার্জনের প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত পচা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে, যাতে তা পুনরায় বাজারে প্রবেশ করতে না পারে।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

















