ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সংবাদদাতা :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন হৃদয় ওরফে লিমন মোল্লা (২৬) নামে এক যুবক।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত লিমন মোল্লা ওই গ্রামের সিরাজ মোল্লার একমাত্র ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, লিমন বিবাহিত ছিলেন এবং তার একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয় বলে পরিবারের দাবি। প্রাথমিকভাবে পারিবারিক অশান্তি ও মানসিক চাপকে ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তারা পারিবারিক সমস্যার সমাধান এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।


















