সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে অবৈধভাবে তারা বাংলাদেশ থেকে ভারতে যান। পরে ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি তারা অবৈধ পথে দেশে ফেরার চেষ্টা করেন।
মঙ্গলবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তারা গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং ফেরার সময় বিএসএফের গুলির মুখে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


















