মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলার রামকৃষ্ণপুর কোদলা গ্রামের আক্তার মন্ডল (৫০)। তিনি সোনা মন্ডলের ছেলে। স্থানীয়ভাবে তিনি ডাকাতি সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে পরিচিত বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এ ছাড়া আটক হওয়া অন্যরা হলেন বন্দিহার গ্রামের আবু তালেব (২৮), চান্দাইকোনা গ্রামের মো. রেজাউল করিম (৪০), চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রিপন (২৩), চান্দাইকোনা গ্রামের মো. শয়ন মিয়া ওরফে জাকারিয়া (৩০) এবং নিঝুরি উত্তরপাড়া গ্রামের ভুট্ট খলিফা (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু তালেবের বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা রয়েছে। রেজাউল করিম মাদক সংক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। ভুট্ট খলিফার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে এবং তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


















