মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম সদর সংবাদদাতা :
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামে চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও আলাদা বাজেট বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নদীভাঙন, বন্যা, খরা, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার সংকটসহ নানা সমস্যায় দীর্ঘদিন ধরে অবহেলিত চরাঞ্চলের মানুষ। মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এসব মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
এ সময় কয়েকজন চরবাসী তাদের দুর্ভোগের কথা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, প্রতিবছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয় তাদের। বন্যা, খরা ও নদীভাঙনের কারণে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। শিক্ষা ও চিকিৎসাসেবার সুযোগও অত্যন্ত সীমিত।
চরবাসীরা বলেন, “দেশে প্রায় দুই কোটির বেশি মানুষ চরাঞ্চলে বসবাস করে। অথচ আমাদের জন্য আলাদা কোনো পরিকল্পনা বা বাজেট নেই। আমরা সরকারের কাছে আমাদের নাগরিক অধিকার চাই। চরাঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন এবং আলাদা বাজেট বরাদ্দ করা হোক।”
জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রাম জেলার শত শত পরিবার চরে বসবাস করছে এবং প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। জেলার বিভিন্ন চরাঞ্চল ঘুরে একই ধরনের দুর্ভোগের চিত্র দেখা গেছে।
তিনি বলেন, “চরাঞ্চলের মানুষের উন্নয়নে আমরা সাত দফা দাবি উত্থাপন করেছি। দেশের অন্যান্য নাগরিকের মতো চরবাসীরাও যেন সমান সুযোগ-সুবিধা ও অধিকার পায়, সেটিই আমাদের প্রত্যাশা।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দীন রিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদ আহমেদ বাবু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
















