মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সদর উপজেলার দোবাড়িয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রওশন আরা বেগম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
তাঁর এই অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দের বন্যা বইছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সর্বস্তরের মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে তাঁকে সিক্ত করছেন।
শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করে আসছেন রওশন আরা বেগম। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন; শিশুদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর উদ্যোগে বিদ্যালয়ে সাংস্কৃতিক, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমেও নতুন গতি এসেছে। বিভিন্ন জাতীয় দিবস পালন, প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্য অর্জনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।
স্থানীয়রা জানান, রওশন আরা বেগমের দক্ষ নেতৃত্বে দোবাড়িয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন জেলার একটি সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাচ্ছে। শিক্ষা মহলেও তাঁর এই সাফল্য প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, তিনি কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লবের সহধর্মিণী। সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে তাঁদের পরিবারের অবদান জেলাজুড়ে পরিচিত।
জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়াকে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো বিদ্যালয়, এলাকাবাসী ও কুড়িগ্রামের শিক্ষা পরিবারের জন্য গৌরবের বিষয় বলে মনে করছেন।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে ভবিষ্যতেও বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে নতুন নতুন সাফল্য অর্জন করবে এবং জেলার অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।


















