মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের সদর উপজেলার ধরলা নদীর ওপর প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে মাঠপর্যায়ে পরিদর্শন করেছে চীনা রোড ব্রিজ কর্পোরেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার (২৩ মে) দুপুরে চীনা রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাইয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি সদর উপজেলার শিবরাম বাংটুর ঘাট এলাকায় ধরলা নদীর দুই পাড় ঘুরে দেখে। এসময় তারা ১ হাজার ৭৫০ মিটার দীর্ঘ প্রস্তাবিত সেতুর সম্ভাব্য নকশা, কারিগরি দিক ও নির্মাণ উপযোগিতা পর্যালোচনা করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
জানা গেছে, ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণ। সেই দাবির প্রেক্ষিতে এলজিইডি এ সেতুর প্রস্তাবনা দেয়।
সংশ্লিষ্টদের মতে, সেতুটি নির্মিত হলে তিন উপজেলার প্রায় ৮ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে। পাশাপাশি ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমও আরও সম্প্রসারিত হবে।
বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী জানান, ঈদের পর একটি স্টাডি টিম এসে সেতু নির্মাণের সম্ভাব্য সুবিধা ও কারিগরি দিক নিয়ে বিস্তারিত সমীক্ষা চালাবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


















