মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের উলিপুরে আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে ঘর নির্মাণকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিজয়রাম তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধে আব্দুল জব্বার ও মৃত শামিম আল মামুন সাজুর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। আদালত বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করলেও সাজুর মৃত্যুর পর তার স্বজনরা সেখানে ঘর নির্মাণের কাজ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশের দাবি, কয়েকজন স্বজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে এসআই হুমায়ুন কবির ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হন। আহত হন আরও দুই নারী।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার অভিযোগে দুজনকে আটক করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে সাজুর পরিবার দাবি করেছে, এতিম সন্তানদের থাকার জন্য মানবিক কারণে ঘর নির্মাণের কাজ করা হচ্ছিল। হাতাহাতির সময় কে পুলিশের গায়ে হাত তুলেছে তা তারা নিশ্চিত নন।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, ১৪৪ ধারা ভঙ্গ ও কর্তব্যরত পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


















