মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের চিলমারীতে বৃষ্টির মধ্যে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামালের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যান রফিকুল ইসলাম। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে বৃষ্টি কমে গেলে স্থানীয় লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


















