শার্শা (যশোর) সংবাদদাতা :
যশোরের শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি বেগম নামে এক গৃহবধূ। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই একে একে মারা যায় নবজাতক পাঁচ শিশুই। এ ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৮ মে) সকালে ঢাকার একটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ সন্তানের জন্ম দেন জান্নাতি বেগম। তিনি শার্শা উপজেলার কাশিপুর উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকরামুল হোসেনের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জান্নাতি বেগমকে প্রথমে যশোরের একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানালে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন।
সোমবার সকালে একে একে পাঁচ সন্তানের জন্ম হলেও জন্মের পরপরই তাদের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক জামান জানান, জান্নাতি বেগম ৫ টি সন্তান জম্ম দিয়েছিলো এর মধ্যে তিনটি ছেলে ও দুটিটি মেয়ে সন্তান ছিলো। তবে সন্তান প্রসবের পরপর?ই নবজাতকদের মৃত্যু হয়। পরবর্তীতে সোমবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নবজাতক পাঁচ শিশুকে দাফন করা হয়েছে বলে জানান ওই ইউপি সদস্য।
এদিকে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম ও তাদের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শোকাহত হয়ে পড়েছে পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।


















