মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে নিজেকে চীনের নাগরিক পরিচয় দেওয়া এক যুবককে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে আসতেই তাকে একনজর দেখতে এলাকার বিভিন্ন স্থান থেকে শত শত উৎসুক মানুষ ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপুর এলাকার মোফাজ্জল হোসেন ও শাহেরা বেগম দম্পতির মেয়ে মোর্শেদা খাতুন (২৫) ঢাকার Dhaka শহরের একটি পোশাক কারখানায় চাকরি করার সময় ওই যুবকের সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর গত শনিবার (১৬ মে) প্রথমবারের মতো স্বামীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন মোর্শেদা খাতুন। এ সময় ওই যুবক নিজেকে চীনের নাগরিক হিসেবে পরিচয় দিলে বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আশপাশের গ্রাম ও এলাকা থেকে মানুষ তাকে দেখতে ভিড় জমায়। অনেকেই তার পরিচয় নিয়ে কৌতূহল প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, বিদেশি নাগরিক পরিচয় পাওয়ায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলেও তার পাসপোর্ট, ভিসা বা অন্যান্য বৈধ পরিচয়পত্র সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্ত্রী মোর্শেদা খাতুন বলেন, মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। তিনি চীনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য ফেরদৌস আলম বলেন, চীনের নাগরিক এসেছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রচুর মানুষের ভিড় দেখতে পান। পরে বিয়ের কাবিননামা দেখে নিশ্চিত হন যে, তারা গত ২০ এপ্রিল বিয়ে করেছেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। বিস্তারিত খোঁজখবর নিয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


















