ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা রাজাবাড়িতে অবস্থিত লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ১৩ মে বুধবার দুপুরে রিডো বাংলাদেশ ও রংধনুর আয়োজনে “বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬” ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ আসনের এমপি লুৎফর রহমান মতিন।
লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, রিডো বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন, রংধনুর নির্বাহী পরিচালক এস.এম. মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আঃ হালিম সরকার এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. সেকান্দর আলী সিকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি লুৎফর রহমান মতিন বলেন, দেশের প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ বাড়িয়ে সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, যেখানে বৃক্ষের ঘাটতি রয়েছে সেখানে বিশেষ গুরুত্ব দিয়ে বেশি করে গাছ লাগাতে হবে, যাতে বাংলাদেশকে সবুজে ভরে তোলা যায়।


















