ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় “ভূঞাপুর সাহিত্য আড্ডা”র আয়োজনে কবি লিমা রহমানের কাব্যগ্রন্থ ‘কে রুখে দেয় দখিনের রোদ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলা স্বাধীনতা কমপ্লেক্সে এ আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচনের পর স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। “ভূঞাপুর সাহিত্য আড্ডা”র ১৪তম আয়োজন হিসেবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাহিত্যজন শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট, সংগঠক ও সাবেক কলেজ শিক্ষক জহুরুল হক বুলবুল। কবি হারুন অর রশিদের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য দেন ছড়াকার ও কবি কাশিনাথ মজুমদার পিংকু এবং ড. আলী রেজা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খায়রুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কবি, সাহিত্যপ্রেমী ও সুধীজন।
প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডায় সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বিখ্যাত কবিতা ‘বাঁশি’, *‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’*সহ আরও কয়েকটি কবিতা আবৃত্তি করা হয়।


















