মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে মো. ওবাইদুল হক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে ধান কাটার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ওবাইদুল হক ওই গ্রামের মো. আব্দুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ জমিতে ধান কাটছিলেন ওবাইদুল। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে গিয়ে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত হানে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।


















