মেহেরপুর শহরের শেখ পাড়ায় স্ত্রীর সামনেই স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার খালাতো ভাই। মঙ্গলবার (৫ মে) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গোলাম হোসেন (৪৫) পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি শেখ পাড়ার রিয়াসিন আলীর ছেলে। পারিবারিক জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দিন ধরে বিরোধ চলছিল। নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তার স্বামী বাড়িতে এসে গোসল করছিলেন। এ সময় হঠাৎ করে খালাতো ভাই কালু পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা গোলাম হোসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত কালুর সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় আগে থেকেই উত্তেজনা ছিল। গত রোববার একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেনকে মারধরের ঘটনাও ঘটে, যা পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। তবে সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর অভিযুক্ত কালু ও সংশ্লিষ্ট নারী আত্মগোপনে রয়েছেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















