কুড়িগ্রামে নিখোঁজ এক নারীকে তেঁতুল গাছের মগডালে দেখতে পাওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে তিনি হঠাৎ গাছ থেকে পাশের পুকুরে লাফ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।
বুধবার (৬ মে) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম সাজেদা বেগম (৬০)। তিনি স্থানীয় বাসিন্দা মো. আবু সাঈদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে সাজেদা বেগম নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্থানীয়রা। সেখানে তিনি কখনো বসে, আবার কখনো শুয়ে ছিলেন-যা উপস্থিত সবার মধ্যে বিস্ময় ও আতঙ্ক সৃষ্টি করে।
খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা ওই নারীকে পুকুরপাড়ের তেঁতুল গাছের মগডালে অবস্থান করতে দেখেন। তবে পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়।
তিনি আরও জানান, উদ্ধার প্রচেষ্টা চলাকালীন হঠাৎ সাজেদা বেগম গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে পুকুর থেকে জীবিত উদ্ধার করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।


















