সিলেটের শাহপরাণ (রহঃ) থানাধীন মিরাপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদ হাসান (৩৭) শাহপরাণ (রহঃ) থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ৩–৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা মাহমুদ হাসান ও তাঁর পরিবারের সদস্যদের রাস্তা-ঘাটে গতিরোধ করে টাকা দাবি করে আসছিল। টাকা না দিলে ব্যবসা পরিচালনায় বাধা দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ৬ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ১নং বিবাদী রুমান শাহ ও ২নং বিবাদী সায়েস্তা মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ীর বাড়ির সামনে হামলা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ির মূল গেট ভাঙচুর করে। পরে পরিবারের সদস্যদের ঘর থেকে বের হলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এছাড়া গত ১১ এপ্রিল রুমান শাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মাহমুদ হাসানের বিরুদ্ধে ১ কোটি ১৭ লাখ টাকা পাওনা রয়েছে বলে একটি মিথ্যা ও বানোয়াট পোস্ট দেন। ওই পোস্টে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করা হয়, যা সামাজিকভাবে ভুক্তভোগীর সম্মানহানির কারণ হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগী মাহমুদ হাসান বলেন,“বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং অনলাইনে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের সম্মান ক্ষুণ্ণ করছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
অভিযোগে উল্লেখিত অন্যদের মধ্যে রয়েছেন— সায়েস্তা মিয়া (টুকেরবাজার), হাজী বুলবুল (নোয়াগাঁও), রায়হান আহমেদ (কোম্পানীগঞ্জ), মছরু মিয়া, কামাল, বাবুল ও জানে আলম (ছাতক)।
এ বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















