ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার মো. ওয়াহিদুজ্জামান রুহুলের সভাপতিত্বে এবং সহ-সুপার মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে. এম. শামীম, অভিভাবক সদস্য মো. ছানোয়ার হোসেন ও মো. মোজাম্মেল হকসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, “জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। মাদ্রাসার শিক্ষার্থীরাও কোরআন, সুন্নাহ, হাদিসের পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষতা অর্জন করে মানবিক গুণাবলীসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। বর্তমানে মাদ্রাসা শিক্ষার্থীরাও মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে।”
সহকারী অধ্যাপক কে. এম. শামীম বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীরা নীতি-নৈতিকতা ও আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে রজনীগন্ধার স্টিক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


















