ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা
“কৃষিই সমৃদ্ধি” ও “সমৃদ্ধির জন্য ধান” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়ে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সঞ্চালনা করেন সাইন্টিফিক অফিসার আদিবা আফরিন রিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। সভাপতিত্ব করেন এলএসটিডি প্রকল্প (ব্রি), গাজীপুরের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধনবাড়ী, টাঙ্গাইলের সিনিয়র সাইন্টিফিক অফিসার মউসুদ ইকবাল। কৃষকদের সঙ্গে উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন ব্রি খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেন এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমান।
প্রশিক্ষণে কৃষকরা সরাসরি গবেষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান এবং আধুনিক ধান চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন বলেন, মাঠ পর্যায়ে বিভিন্ন ধানের জাত একসঙ্গে প্রদর্শনের মাধ্যমে কৃষকদের সঠিক জাত নির্বাচন করতে সহায়তা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। অনেক সময় পর্যাপ্ত তথ্যের অভাবে কৃষকরা জাত নির্বাচন নিয়ে বিভ্রান্তিতে পড়েন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তারা বিভিন্ন জাতের বৈশিষ্ট্য ও ফলন সম্ভাবনা তুলনা করতে পারবেন।
তিনি আরও বলেন, এ কার্যক্রম গবেষকদের জন্যও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের সুযোগ সৃষ্টি করবে, যা নির্দিষ্ট এলাকার উপযোগী ধানের জাত নির্বাচন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















