টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় ধনবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুস সালাম সিদ্দিক, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এছাড়াও ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য রাকিব হাসান সভায় অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ওসি মো. নুরুস সালাম সিদ্দিক বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে মেলার আয়োজনের বিষয়ে প্রশাসন অবগত রয়েছে এবং সংশ্লিষ্ট কমিটিগুলোর সঙ্গে ইতোমধ্যে কথা বলা হয়েছে। তিনি জানান, মেলায় অশ্লীল নৃত্য, মাদক ও জুয়ার মতো অনাকাঙ্ক্ষিত কার্যক্রমের কোনো সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ধনবাড়ী থানা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। মাদক, চুরি-ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি অবৈধ মোটরসাইকেল নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে, যাতে দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো যায়।
সভায় এনামুল হক ভিপিসহ অন্যান্য বক্তারা বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী সকলের মতামত গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সুন্দরভাবে নববর্ষ উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।
শেষে তিনি সকলের অংশগ্রহণে সভার সমাপ্তি ঘোষণা করেন।


















