সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে তিল, পাট ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি আগামী ১লা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ শুরু হবে, যার মাধ্যমে কৃষকরা বিনামূল্যে ও স্বল্পমূল্যে বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ পাবেন।
তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, যেকোনো সমস্যায় দলীয় নেতাকর্মী বা তাকে জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, সরকার গঠনের পর থেকেই কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর জানান, খরিফ-২ মৌসুমে আউশ ধানের জন্য ২০০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি দেওয়া হবে। এছাড়া ২০০ জনকে গ্রীষ্মকালীন তিলের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং ২৫০ জনকে তোষাপাটের জন্য ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মো. গোলাম আযম, মো. নূরুল ইসলাম গোলাম, আ. রাজ্জাক মন্ডল, বনি আমিনসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।


















