ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
টাঙ্গাইলের মধুপুরে অভিজাত শপিংমল ‘সাবা স্কয়ার’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে মার্কেটটির তৃতীয় তলায় জমে থাকা পরিত্যক্ত কার্টন, পলিথিন ও কাগজের বক্স থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়লে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টাঙ্গাইলের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-ফেলে রাখা কার্টনে কোনো ধূমপায়ীর ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন, ওই তলায় বিদ্যুৎ সংযোগ না থাকায় শর্টসার্কিটের সম্ভাবনা নেই।
মার্কেটের ব্যবস্থাপক সমির উদ্দিন জানান, তৃতীয় তলায় বিভিন্ন দোকানের বর্জ্য ও কার্টন স্তূপ করে রাখা ছিল, যেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, আগুন বড় আকার ধারণ করার আশঙ্কা থাকলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আশপাশের উপজেলার ইউনিটগুলোও প্রস্তুত রাখা হয়েছিল।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


















