মোঃ পারভেজ সরকার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসটি নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।


















