সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেন প্রিন্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় প্রবল ঝোড়ো হাওয়ায় পল্লী বিদ্যুতের ২২০ ভোল্ট লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকে। এলাকাবাসীর অভিযোগ, ঝড়ের পরদিন আজ (২ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছেঁড়া তার মেরামত না করেই বিদ্যুৎ সংযোগ চালু করে। ফলে মাটিতে পড়ে থাকা তারটি বিদ্যুতায়িত হয়ে ওঠে—যা সাধারণ মানুষের চোখে ধরা পড়েনি।
দুপুরে বাড়ির পাশের রাস্তায় খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি ওই তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একইসঙ্গে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। বিক্ষুব্ধ কয়েকশ মানুষ চৌহালী অভিযোগ কেন্দ্র ঘেরাও করলে অফিসটি তালাবদ্ধ পাওয়া যায়। তবে কোনো ভাঙচুর হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চৌহালী অভিযোগ কেন্দ্রের কোনো কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য পাওয়া যায়নি। অফিসে তালা ঝুলতে দেখা গেছে এবং সংশ্লিষ্টদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে নাগরপুর জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমান জানান, তাদের এক লাইনম্যান গুরুতর আহত অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, ঘটনার তদন্তে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, একটি চার বছরের শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়—এটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্নচিহ্ন। বিদ্যুৎ সেবা মানুষের মৌলিক প্রয়োজন হলেও এর অব্যবস্থাপনা যখন প্রাণহানির কারণ হয়, তখন তা কেবল দুর্ঘটনা নয়, বরং দায়িত্বহীনতার প্রতিফলন।
তারা আরও বলেন, গ্রামাঞ্চলে ঝড়ের পর ছেঁড়া তার দ্রুত শনাক্তকরণ, সংযোগ দেওয়ার আগে লাইনের নিরাপত্তা যাচাই এবং বিপজ্জনক স্থান চিহ্নিত করে সতর্কবার্তা দেওয়া জরুরি। অন্যথায় এ ধরনের মর্মান্তিক ঘটনা আবারও ঘটতে পারে।
এদিকে, দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। একইসঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

















