মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা :
উত্তরের জনপদ কুড়িগ্রাম এবার পেতে যাচ্ছে উন্নয়নের বড় এক মোড় ঘোরানো সুযোগ। ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে, ইতোমধ্যে ১৩৩ একরের বেশি জমির মালিকানা পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া তথ্যে জানা যায়, ভুটানের রাজার আগ্রহ থেকেই এই প্রকল্পের সূচনা। কুড়িগ্রাম সদর উপজেলার মাধবরাম মৌজায় গড়ে উঠছে এই আন্তর্জাতিক মানের অর্থনৈতিক অঞ্চল।
বাংলাদেশ ও ভুটানের মধ্যে ইতোমধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং গঠন করা হয়েছে যৌথ ওয়ার্কিং গ্রুপ। বর্তমানে ভুটান সরকার ডেভেলপার নিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে কুড়িগ্রামে শিল্পায়ন, কর্মসংস্থান ও বৈদেশিক বিনিয়োগে আসবে আমূল পরিবর্তন—যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র।


















