মোঃ সাজ্জাদ হোসেন হাকিম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, মাসের বেশিরভাগ সময়ই তিনি বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। ফলে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। এতে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সোমবার বেলা ১২টার দিকে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে উপস্থিত পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, বিদ্যালয়ের কাজেই তিনি উপজেলা সদরে অবস্থান করছেন।
তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সংশ্লিষ্ট শিক্ষকের জন্য কোনো দাপ্তরিক দায়িত্ব বা নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এলাকাবাসীর দাবি, এটি নতুন কোনো ঘটনা নয়। অতীতেও ফরিদ উদ্দিন নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি আওয়ামী লীগের প্যানেল থেকে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, শিক্ষার মান রক্ষায় দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যাতে শিক্ষার্থীরা নিয়মিত ও মানসম্মত শিক্ষা পেতে পারে।


















