টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধলাটেংগর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে থামলে বাসের কয়েকজন যাত্রী নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের রেললাইনে বসেন।
এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসে পড়লে তারা ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করে এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


















