রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাস থেকে নারী-পুরুষ ও শিশুসহ এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক মো. রাসেল মোল্লা।
তিনি জানান, বাসটি ডুবে যাওয়ার পর প্রাথমিকভাবে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মোট ২৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাসটিতে প্রায় ৩৯ জন যাত্রী ছিলেন। তবে নিখোঁজের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। উদ্ধার হওয়া মরদেহগুলো রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর জেলা প্রশাসন ও সিভিল সার্জনের মাধ্যমে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, আপাতত উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। সকাল হলে পুনরায় অভিযান শুরু হবে এবং তখন আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা রয়েছে।
এর আগে, রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি পানির ওপর তোলে। জানা গেছে, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।


















