মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক বৃদ্ধ।
আজ রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটারি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক (৬০) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান মানিক (২৯)কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পাশের ভূরুঙ্গামারী উপজেলায় বিয়ে করেন মানিক। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। পারিবারিক অশান্তি ও মানসিক চাপের কারণে তিনি কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন বলে স্থানীয়দের দাবি।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন মানিক। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল খালেক।
ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং অভিযুক্ত মানিককে আটক করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং প্রাথমিকভাবে জানা গেছে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















