রবি ডাকুয়া,বাগেরহাট সংবাদদাতা :
মুক্তিপণের দাবিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে কাঁকড়া ধরার সময় এক জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি ‘আল আমিন বাহিনী’ পরিচয়ে ১৬ মার্চ রাত ১০টার দিকে ওই জেলেকে অপহরণ করা হয়। অপহৃত জেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রাজ্জাক শেখের ছেলে মিজান শেখ (৪০)।
অপহৃতের সঙ্গে থাকা তার চাচাতো ভাই জেলে আল আমিন শেখ ফিরে এসে জানান, তারা বৈধ পাশ সংগ্রহ করে মাছ ও কাঁকড়া শিকারের জন্য বনে যান। ১৪ মার্চ তারা সুন্দরবনে প্রবেশ করেন। একপর্যায়ে মাছ ও কাঁকড়া শিকারের জন্য সুন্দরবনের একটি খালে অবস্থান করছিলেন তারা। এ সময় ‘আল আমিন বাহিনী’ পরিচয় দেওয়া বনদস্যুরা তাদের ঘিরে ফেলে। পরে নৌকা থেকে জেলে মিজান শেখকে তুলে নিয়ে যায়। তবে তার সঙ্গে থাকা চাচাতো ভাই আল আমিন শেখকে নৌকাসহ ছেড়ে দেওয়া হয়, যাতে তিনি বাড়িতে গিয়ে মুক্তিপণের টাকা সংগ্রহের খবর দিতে পারেন। অপহৃত মিজান শেখকে মুক্তির জন্য ৬০ হাজার টাকা দাবি করা হয়।
এ ঘটনায় অপহৃতের বড় ভাই হুমায়ন শেখ (৫৫) মোংলা থানায় অজ্ঞাতনামা ‘আল আমিন বাহিনী’র বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরও জানান, তার ছোট ভাই ঋণ করে বনে গিয়েছিলেন। এখন একদিকে যেমন মাছের চালান তুলতে পারছেন না, অন্যদিকে মুক্তিপণের টাকা জোগাড় করে তাকে ছাড়িয়ে আনতে হচ্ছে। বনদস্যুরা ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে রয়েছেন।
এ বিষয়ে মোংলা থানার ডিউটি অফিসার এএসআই মহরমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো থানায় এ ধরনের কোনো অভিযোগ জমা পড়েনি। তবে অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে কিনা, তা খোঁজ নিয়ে পরে জানানো হবে।


















