রবি ডাকুয়া,বাগেরহাট সংবাদদাতা
সুন্দরবন সংলগ্ন শিবসা নদীর কালীর খাল এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ‘নানা ভাই’ বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে । খুলনার কয়রা উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ভোরে এই সফল অভিযান পরিচালিত হয়। বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৭ মার্চ শনিবার ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ‘নানা ভাই’ বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে গহীন বনে নিয়ে যায়। সেখানে তাঁদের জিম্মি করে মুক্তিপণের দাবিতে নির্যাতন চালানো হচ্ছিল। পরবর্তীতে মো. কবির নামে এক ব্যক্তি তাঁর ভাইকে জিম্মি করার বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে অবগত করেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে ১৭ মার্চ মঙ্গলবার ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের কালীর খাল এলাকায় বিশেষ অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও জিম্মি থাকা ৬ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন—খুলনার কয়রা থানার রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) এবং সাতক্ষীরার শ্যামনগর থানার রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)। উদ্ধারকৃত জেলেদের তাঁদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং জেলে-বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সর্বশেষ
সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর হাত থেকে ৬ জেলেকে উদ্ধার
এই বিভাগের আরো খবর
হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার
মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১
ইমেইল: info.banglavoicebd@gmail.com
© 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.


















