মোঃ সাজ্জাদ হোসেন হাকিম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফেসানি ও তার খালাতো ভাই ফয়সাল আহমেদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর তাদের এই অকাল মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, আফেসানির বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামে। তার বাবা আখতার হোসেন শাড়ি-লুঙ্গির ব্যবসার পরিচিত প্রতিষ্ঠান আমানতশাহ্ কোম্পানির ব্যবসায়িক অংশীদার। পরিবারের বড় স্বপ্ন ছিল। ভালোভাবে লেখাপড়া করে একদিন বিসিএস ক্যাডার হবে আফেসানি। কিন্তু সেই স্বপ্ন শুরুতেই থেমে গেল তার মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে।
স্থানীয়রা জানান, উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতু এলাকায় প্রায়ই দর্শনার্থীরা ঘুরতে যান এবং সেতুর ওপর ওঠেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বুধবার বিকেলেও ওই সেতুতে দুটি ছেলে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল। তবে আজ আর মৃত্যুর হাত থেকে ফিরতে পারেননি আফেসানি ও তার খালাতো ভাই ফয়সাল।
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে ওই রেলওয়ে সেতুতে দর্শনার্থীদের ওঠা নিষিদ্ধ করা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।


















