মো. পারভেজ সরকার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রহস্যজনকভাবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকার প্রতাব আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান (৬২) ওই এলাকার মৃত বরকত উল্লাহ মাস্টারের ছেলে। তিনি পরিবার নিয়ে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই আব্দুল হান্নানের সঙ্গে তার স্ত্রী আফসানা বেগমের পারিবারিক কলহ চলছিল। অর্থনৈতিক সংকটের কারণে সংসারে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত বলে প্রতিবেশীরা জানান।
শনিবার বিকেলে হঠাৎ তাদের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে যান। এ সময় ঘরের ভেতরে আব্দুল হান্নানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে মৃত বলে নিশ্চিত হন।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


















