সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৩০ শয্যা হাসপাতাল (কাওয়াক) ও উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার শহিদুলের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, সরকারি বরাদ্দ অনুযায়ী খাবার থাকলেও রোগীরা তা যথাযথভাবে পাচ্ছেন না।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীদের জন্য নির্ধারিত খাবার পর্যাপ্ত পরিমাণে রান্না করা হয় না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালে ভর্তি ২২ জন রোগীর জন্য মাত্র ২ কেজি পোল্ট্রি মুরগি রান্না করা হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের ডাইনিং কক্ষে গিয়ে ডাইনিং ম্যানেজারের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, রোগীদের খাবারের জন্য ঠিকাদার পক্ষ থেকে ২ কেজি মুরগি সরবরাহ করা হয়েছে।
সরকারি বরাদ্দ অনুযায়ী একজন রোগীর জন্য দুপুর বা রাতের খাবারে থাকার কথা—২৫০ গ্রাম চালের ভাত, মাছ (রুই/কাতলা/সিলভার কার্প) অথবা প্রায় ১০০ গ্রাম ব্রয়লার মুরগি, ৫০ গ্রাম ঘন ডাল এবং ১৫০ গ্রাম মৌসুমি সবজি। তবে অভিযোগ রয়েছে, বাস্তবে এসব খাবার ঠিকমতো দেওয়া হয় না।
এ বিষয়ে ঠিকাদার শহিদুলের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, সেখানে ৪ কেজি মাংস রয়েছে। তবে ডাইনিং ম্যানেজারের ২ কেজি মুরগি সরবরাহের বক্তব্যের বিষয়ে তাকে জানানো হলে তিনি এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, যাতে হাসপাতালে ভর্তি রোগীরা তাদের প্রাপ্য খাবার ঠিকমতো পান।


















