টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহসভাপতি এস এম ফরহাদুল ইসলাম শাপলাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জমান তালুকদার সেলুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক হীন উদ্দেশ্যে উদ্ভূত পরিস্থিতির ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে জড়িত প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় জামায়াতের অফিসে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় স্থানীয় ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।


















