সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলার চর থেকে শুক্রবার গভীর রাতে বনদস্যু করিম শরীফ বাহিনীর অস্ত্রধারী দস্যুরা ছয় জেলেকে অপহরণ করেছে। এসময় দস্যুরা একটি ট্রলরও নিয়ে গেছে।
অপহৃত জেলেরা হলেন: খাইরুল ইসলাম (৩৫), ফারুক হোসেন (২৮), শামসুল ইসলাম (২৫), সফরুল ইসলাম (৩২), মারুফ হোসেন (২৮) ও মিলন (৩০)। এদের বাড়ি খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
পূর্ব সুন্দরবনের দুবলার চরের শুঁটকি উৎপাদন কেন্দ্রের ভারপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জেলেপল্লীতে হানা দেয় দস্যুরা। নির্বাচনের কারণে চরে কমসংখ্যক জেলে থাকার সুযোগে এই ঘটনা ঘটে।
শেলারচরের মহাজন আরিফুল হক মিঠু বলেন, বনদস্যুরা এখন আরও জেলেপল্লীর কাছে ঢুকে পড়ছে, জেলেরা আতঙ্কিত। তিনি দস্যু দমনের জন্য যৌথ বাহিনীর অভিযান দাবি করেছেন।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ফাঁড়ির বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে এবং অপহৃত জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।


















