নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় জামায়াত কর্মীকে মারধরের জেরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার ও নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচনে ভোট দেওয়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে স্থানীয় বিএনপির কর্মীরা মারধর করেন। এর জের ধরে শনিবার সকালে বিএনপি নেতা আসাব সরকারকে মারধর করে জামায়াত কর্মীরা। পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ এবং অন্তত ৫–৬টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। অন্যদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবি সদস্যরা এলাকায় মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব ও জেলা প্রশাসক আসমা শাহীন। পুলিশ সুপার বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।


















