নীলফামারীর সৈয়দপুরে নিজের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে ভোটকেন্দ্রে হাজির হয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বর। জীবনের গুরুত্বপূর্ণ এই দিনে নাগরিক দায়িত্ব পালন করতে ভোট দিয়েছেন মো. সামিউল ইসলাম (৩২)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কনের বাড়িতে যাওয়ার কথা ছিল সামিউলের। তার আগে তিনি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্বও। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট, পরে বিয়ে।” সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে।
বিয়ের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এলাকায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। স্থানীয়রা বলছেন, তরুণ প্রজন্মের কাছে এটি দায়িত্বশীল নাগরিকত্বের একটি অনুকরণীয় উদাহরণ।

















