গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলায় পৃথক স্থানে স্কুল কেন্দ্র সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ থেকে ৭টা ২৫ মিনিটের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে গোপালগঞ্জ পৌরসভার ১১৬ নম্বর শহীদ মাহাবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (নীলার মাঠ) সংলগ্ন সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি হঠাৎ সড়কের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এরপর সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় সে। বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অপরদিকে, একই সময়ের কাছাকাছি গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ছিলনা গুয়াধানা স্কুল কেন্দ্রের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে নিরাপদ স্থানে সরে যান। এ ঘটনাতেও প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত উভয় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা বিস্ফোরণের আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন।
কে বা কারা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং এর পেছনের উদ্দেশ্য কী—তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
















