জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, উদ্ধারকৃত এই অর্থ কোনোভাবেই নির্বাচন সংশ্লিষ্ট নয়; এটি তার ব্যবসার টাকা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং টাকা গণনা চলমান রয়েছে।
তবে আটক হওয়ার পর বেলাল উদ্দিন একটি ভিডিও বার্তায় বলেন, উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা। এটি তার ব্যক্তিগত ব্যবসার অর্থ, যার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন। বেলাল উদ্দিন একজন কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।
















