কুড়িগ্রামে গণভোট-২০২৬ উপলক্ষে ধর্মীয় নেতা, ইমাম ও পুরোহিতদের সাথে সংলাপ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। ‘দেশ মেরামতের সুযোগ এখন আপনারই হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সংলাপে শান্তিপূর্ণ ভোটদান, জনসচেতনতা বৃদ্ধি ও গুজব প্রতিরোধে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের হলরুমে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন সুজন কুড়িগ্রামের সভাপতি খায়রুল আনাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক রনি।
তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা ও সঠিক ভোটাধিকার প্রয়োগে মানুষকে উদ্বুদ্ধ করতে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার গণভোটের গুরুত্ব তুলে ধরে তৃণমূল পর্যায়ে সঠিক তথ্য প্রচার ও বিভ্রান্তি দূর করতে ধর্মীয় নেতাদের ভূমিকা জোরদার করার আহ্বান জানান।


















