লক্ষ্মীপুরে নির্বাচনকে সামনে রেখে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন উপলক্ষে ওই কেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টায় বিদ্যালয় ছুটি হওয়ার পর তিন দিন বন্ধ ছিল। গত সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে দেখেন, নিচতলায় স্থাপিত তিনটি ক্যামেরার মধ্যে দুটি নেই। কে বা কারা ক্যামেরাগুলো খুলে নিয়ে গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, সোমবার সকালে এসে আমরা দেখি ভোটের জন্য লাগানো দুটি ক্যামেরা চুরি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, এটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব মন্তব্য করেন, যারা নির্বাচনে কারচুপি বা গোলযোগ করতে চায়, এটি তাদের নাশকতামূলক তৎপরতা হতে পারে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিসি ক্যামেরার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে লক্ষ্মীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। ইতোমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


















