মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
ভুয়া স্কুল চালিয়ে প্রতারণা এবং চাঁদা দাবির অভিযোগে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জামায়াত নেতা আনিছুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে দলটি।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত আনিছুর রহমান জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একাধিক গুরুতর অভিযোগ প্রকাশিত হয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আনিছুর রহমান একটি ভুয়া স্কুল চালুর নামে অন্তত ২১টি পরিবারকে প্রতারণার মাধ্যমে নিঃস্ব করেছেন। এছাড়া বাবু মিয়া নামে এক স্থানীয় ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন বলেও অভিযোগ ওঠে।
জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অভিযোগ সংগঠনের দায়িত্বশীলদের নজরে এলে তাৎক্ষণিকভাবে আনিছুর রহমানকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। দলীয় নীতিমালা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা জামায়াত সেক্রেটারি মো. আজিজুর রহমান বলেন, “সংগঠনের কোনো নেতা বা কর্মীর অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ নেই। তাই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আনিছুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।”
একইসঙ্গে জেলা জামায়াত আমিরের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের গভীরে গিয়ে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


















