ডালিম কুমার দাস টিটু, লক্ষ্মীপুর সংবাদদাতা :
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করে জরিমানার সর্বোচ্চ রেকর্ড ভাঙলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। একদিনেই ৫টি অনুমোদনহীন ইটভাটাকে ২০ লক্ষ টাকা জরিমানা করলেন।
৩০ এপ্রিল অভিযান পরিচালনা করে চর রমিজ ইউনিয়ন এর চর আফজল এলাকায় ৫ টি অনুমোদনহীন ইটভাটা মেসার্স তিশা ব্রিকস, মেসার্স রিয়াজ ব্রিকস, মেসার্স আমরী ব্রিকস মেসার্স রফিক ব্রিকস-১ ও মেসার্স রফিক ব্রিকস-২ কে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
২৬ এপ্রিল ( শনিবার) রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্সবিহীন ৪ টি অবৈধ ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে মহাসড়কের পাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বালু বিক্রয় এবং পরিবহণের অপরাধে আরও ৭ জন বালু ব্যবসায়ী ও মোটরযান চালককে ৭৭ হাজার টাকা জরিমানা করেন।এ সময় সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য তাদের সতর্ক করেন তিনি।
এর আগে ২৮ এপ্রিল দিনব্যাপী রামগতি উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চর রমিজ ইউনিয়ন এর চর আফজল এলাকাস্থ ৩ টি ইটভাটা অভিযান পরিচালনা করে মেসার্স আমানত ব্রিকস, মেসার্স জে এস ব্রিকস এবং মেসার্স চৌধুরী ব্রিকসকে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৮ লক্ষ টাকা জরিমানা করে তা নগদে আদায় করা হয়েছে।
এ সময় ইটভাটাগুলোর চিমনি, ভাটা এবং বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করে ইটভাটাগুলো বন্ধ করে দেয়া হয়।অভিযান পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের সাথে সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, রামগতিতে বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে ছাড়পত্র ছাড়া অনুমোদনহীন বেআইনিভাবে অনেকগুলো ইটভাটা গড়ে ওঠেছে।
এ সকল অবৈধ অনুমোদনহীন ইটভাটাগুলোতে অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত রাখার প্রয়াস ব্যক্ত করেন তিনি।


















