ডালিম কুমার দাস, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে নিন্মমানের খাদ্য তৈরি ও ক্ষতিকর রং ব্যবহার করায় কয়েকটি ডিপোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার (১২ মার্চ) সদর উপজেলার কয়েকটি ডিপোতে অভিযান চালিয়ে মেয়াদহীন সেমাই তৈরি এবং মজুদসহ ক্ষতিকারক রং ব্যবহার করে পণ্য উৎপাদনের দায়ে আব্দুল্লাহ বিস্কুট হাউজের মালিক বাবুল মিয়া নামের এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানটিতে সিলগালা ও ক্ষতিকারক রংযুক্ত খাবার জনসম্মুখে নষ্ট করে দায়িত্বরত কর্মকর্তারা। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বাসটার্মিনাল এলাকায় অক্ষয় ষ্টোর ও জামাল বেকারিতে অভিযান চালানো হয়।
সেমাই, চানাচুর ও বিস্কুটসহ বিপুল পরিমাণ নিম্নমানের খাদ্যদ্রব্য মজুদ, সরবরাহ ও বিক্রির অভিযোগে মালিক বাবুল মিয়াকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এসময় কৃত্রিম রংযুক্ত নিম্নমানের খাদ্যপণ্য জনসম্মুখে ধ্বংস করা হয় এবং গুদাম সিলগালা করে ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ আরো উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা.সুমধু চক্রবর্ত্তী, কমলনগর এবং লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের সার্জেন্ট ফরিদ খান ও পুলিশের সদস্যরা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।


















