মোঃ নাঈম উদ্দিন সিরাজী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামে স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) সকালে স্থানীয়রা গৃহবধূ রুমা খাতুনের (২০) নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত রুমা খাতুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তারা বাড়ি গ্রামের বাসিন্দা। তার স্বামী সোহাগ আলী (২৬), মুরুটিয়া গ্রামের আফসার আলীর ছেলে।
নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। প্রায়ই সোহাগ তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। দুই মাস আগে এই নির্যাতনের কারণে রুমার পরিবার তাকে বাবার বাড়িতে নিয়ে যায় এবং সিদ্ধান্ত নেয়, তারা আর মেয়েকে স্বামীর সংসারে পাঠাবে না।
তবে সাত দিন আগে স্থানীয় দুই গ্রাম্য প্রধানের মধ্যস্থতায় রুমা খাতুন আবারও স্বামীর বাড়িতে ফেরত যান। বুধবার সকালে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী পিপিএমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সোহাগ আলীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
ওসি আসলাম আলী জানান, “ঘাতক স্বামী সোহাগ আলী ধারালো ছুরি দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। আমরা তাকে গ্রেফতার করেছি এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


















